পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে নয়াদিল্লি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, এ ধরনের সামরিক পদক্ষেপ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের সমর্থন আগের মতোই অব্যাহত রয়েছে।
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগান ভূখণ্ডে পরিচালিত অভিযানে ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার এক ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদের ‘প্রত্যেক অশুভ কর্মকাণ্ডের’ জবাব দেবে কাবুল। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



