দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর কাঠামোয় গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। তাদের সমর্থন ও আস্থার কারণেই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার গঠনের পর তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন তিনি। এ সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শুক্রবার বিকেলে ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেলে জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।



