মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৩০ বিদেশি নাগরিকের বিচার সম্পন্ন হয়েছে। দোষ স্বীকার করায় ৪ জন বাংলাদেশি ও ২২ জন ইন্দোনেশিয়ানসহ মোট ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাইদাতুল আথিরাহ আজমান রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে ৮ জন—যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন—ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত হন। বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অপরাধে তাদের প্রত্যেককে ৪ মাসের কারাদণ্ড এবং একটি করে বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ১৮ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ইমিগ্রেশন আইনের ১৫(১)(সি) ধারায় ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আটক অন্য ৪ ইন্দোনেশিয়ান নাগরিক নিজেদের নির্দোষ দাবি করায় তাদের বিচার প্রক্রিয়া আপাতত মুলতবি রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৫(১)(বি) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী ১ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের সুঙ্গাই পায়ুং এলাকার একটি পাম অয়েল বাগানে অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ৩০ জন অভিবাসীকে আটক করে। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
বিচার চলাকালে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর দারউইস আগনিয়া হালিম আজিজি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
I prefer this response



