পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে।
বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে ঘটানো হয়েছে এবং এটি একটি উদ্দেশ্যমূলক হামলা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ম্যাচ চলাকালেই আকস্মিক বিস্ফোরণে পুরো মাঠ কেঁপে ওঠে, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। আতঙ্কে দর্শক ও খেলোয়াড়রা এদিক-সেদিক ছুটোছুটি শুরু করেন। এক্সপ্রেস ট্রিবিউনকে এক পুলিশ মুখপাত্র জানান, বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, পাকিস্তানে সম্প্রতি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই হামলা দেশটির গণসমাবেশ ও ক্রীড়া ইভেন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।



