ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়ার ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।
নিহতের চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করে বলেন, তাঁর ভাতিজা রাজু মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, তাঁদের উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে হত্যা করেছেন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে রাজু মোল্লা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



