পাকিস্তানে প্রস্তাবিত ২৭তম সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে বহুদলীয় বিরোধী জোট তেহরিক-ই-তাহাফুজ-আইন-ই-পাকিস্তান (টিটিএপি)। সরকার সংশোধনী বিলটি সিনেটে উপস্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দেয় জোটটি।
মজলিস ওয়াহদাতুল মুসলেমিন প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস এক বিবৃতিতে বলেন, “পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ কার্যত পঙ্গু হয়ে পড়েছে। জাতিকে এখনই ২৭তম সংশোধনীর বিরুদ্ধে একত্র হতে হবে।”
তিনি অভিযোগ করেন, সরকার এই সংশোধনীর মাধ্যমে “ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায়।”
টিটিএপি’র এই জোটে আরও রয়েছে—
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই),
পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি),
বেলুচিস্তান ন্যাশনাল পার্টি–মেঙ্গাল (বিএনপি–মেঙ্গাল) এবং
সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)।
পিকেএমএপি প্রধান মাহমুদ খান আচাকজাই জানিয়েছেন, আন্দোলন শুরু হবে রবিবার (৯ নভেম্বর) রাত থেকে।
তিনি বলেন, “রাত থেকেই আমাদের স্লোগান হবে— ‘গণতন্ত্র অমর হোক, স্বৈরতন্ত্র ধ্বংস হোক।’ তৃতীয় স্লোগান হবে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে।”
আচাকজাই আরও বলেন, “এই আন্দোলনের মাধ্যমে টিটিএপি প্রমাণ করবে, পাকিস্তানের জনগণের ইচ্ছাই হবে দেশের চূড়ান্ত সিদ্ধান্ত।”



