বিমানের কেবিন বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনছে ব্রিটিশ এয়ারওয়েজ। এয়ারবাস এ৩৮০-এর পুরো ওপরের ডেকজুড়ে বিজনেস ক্লাস চালুর পরিকল্পনা করেছে এয়ারলাইনটি। এ জন্য তাদের বহরে থাকা ১২টি এ৩৮০ উড়োজাহাজে ব্যাপক অভ্যন্তরীণ সংস্কার করা হচ্ছে। নতুন কেবিনকে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস হিসেবে দাবি করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কেবিনের পরিকল্পনা প্রকাশ করে ব্রিটিশ এয়ারওয়েজ। আগামী কয়েক মাসের মধ্যে সংস্কার করা প্রথম এ৩৮০ উড়োজাহাজটি যাত্রী পরিবহনে যুক্ত হওয়ার কথা রয়েছে।
নতুন বিন্যাসে এ৩৮০-এর পুরো ওপরের ডেকজুড়েই থাকবে বিজনেস ক্লাস। পাশাপাশি প্রথম শ্রেণির আসনেও আনা হবে পরিবর্তন। মাঝের আসনগুলোর বিভাজক ভাঁজ করে সরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে একসঙ্গে ভ্রমণকারী যাত্রীরা চাইলে বড় ব্যক্তিগত কেবিনের মতো একটি প্রশস্ত জায়গা ব্যবহার করতে পারবেন।
তবে কেবিনের বিলাসিতা বাড়াতে গিয়ে উড়োজাহাজটির মোট আসনসংখ্যা কমিয়ে আনা হবে। নতুন নকশায় এ৩৮০-এর আসনসংখ্যা ৪৬৯ থেকে কমে দাঁড়াবে ৪১৭-তে। অর্থাৎ মোট আসন কমবে প্রায় ১১ শতাংশ।
সবচেয়ে বড় পরিবর্তন আসছে ইকোনমি শ্রেণিতে। এই শ্রেণির আসনসংখ্যা প্রায় ৩০ শতাংশ কমিয়ে ২১৫টিতে নামিয়ে আনা হবে। এর ফলে উড়োজাহাজটির ওপরের ডেকে প্রিমিয়াম যাত্রীদের জন্য আরও বেশি জায়গা তৈরি হবে।
ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, উড়োজাহাজটির নাক থেকে লেজ পর্যন্ত অভ্যন্তরীণ কাঠামোতে পরিবর্তন আনার এই প্রকল্প এয়ারলাইনটির ইতিহাসে সবচেয়ে বড় একক বিনিয়োগ।
একটি এ৩৮০ সংস্কার করতে প্রায় ১০০ দিন সময় লাগবে বলেও জানান তিনি। আগামী কয়েক মাসের মধ্যেই প্রথম সংস্কার করা উড়োজাহাজটি যাত্রী পরিবহনের জন্য বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে এ৩৮০-এর নতুন প্রথম শ্রেণির আসনের পরিকল্পনা প্রকাশ করেছিল ব্রিটিশ এয়ারওয়েজ। চলতি বছরের মাঝামাঝি নতুন সেবা চালুর পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে যায়। এবার নতুন কেবিন বিন্যাসের মাধ্যমে এ৩৮০ বহরে যাত্রীসেবার অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এয়ারলাইনটি।



