tanaka
প্রচ্ছদজাতীয়২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান পাবেন ১,৪৭২ নারী

২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান পাবেন ১,৪৭২ নারী

দেশের ২৪ জেলার ৭২টি উপজেলার ১ হাজার ৪৭২ জন নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত এসব নারী এ অনুদান পাবেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ভিডব্লিউবি কার্যক্রমের ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে।

অনুদানের অর্থ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচিত নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বরের সঠিকতা যাচাইয়ের অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক-২ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত গত ৩০ সেপ্টেম্বরের এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে লটারিতে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক নারীকে ব্যবসায়িক অনুদান হিসেবে এককালীন ২০ হাজার টাকা দেওয়ার লক্ষ্যে তাদের এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে।

এ যাচাই কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। যাচাই শেষে নির্বাচিত উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাকে অবহিত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা।

এ বিষয়ে অধিদপ্তরের উপপরিচালক (ভিডব্লিউবি) রেবেকা সুলতানা স্বাক্ষরিত ৫ অক্টোবরের চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম অনুবিভাগের অতিরিক্ত সচিব, কার্যক্রম অধিশাখার যুগ্মসচিব, মবিঅ-২ শাখার উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম পলিসি অফিসারকেও অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ব্যবসায়িক অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এককালীন ২০ হাজার টাকার এ সহায়তা ক্ষুদ্র ব্যবসা বা অন্যান্য আয়মূলক কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।