tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনগ্ন ভিডিও ভাইরালের ভয়, যুবকের কাছ থেকে ৪৯ লাখ রুপি হাতিয়ে নিল...

নগ্ন ভিডিও ভাইরালের ভয়, যুবকের কাছ থেকে ৪৯ লাখ রুপি হাতিয়ে নিল প্রতারকরা

ভারতের গুজরাটের আহমেদাবাদে ‘সেক্সটরশন’-এর ফাঁদে ফেলে ২৫ বছর বয়সী এক যুবকের কাছ থেকে ৪৯ লাখ ৭৮ হাজার রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিও কলের মাধ্যমে প্রথমে তাকে ফাঁদে ফেলার পর কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো ইউটিউবের কর্মকর্তা পরিচয়ে গ্রেপ্তার ও সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে দফায় দফায় অর্থ আদায় করে প্রতারকরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে ওই যুবকের হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। কলটি ধরার পর পর্দায় এক নগ্ন নারীকে দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে না পেরে দ্রুত কল কেটে নম্বরটি ব্লক করে দেন।

কিন্তু কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে আবার ফোন আসে। এবার ফোনদাতারা দাবি করে, যুবকের মুখ ব্যবহার করে একটি ‘নগ্ন ভিডিও’ তৈরি করা হয়েছে। টাকা না দিলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ভয় পেয়ে যুবক ফোন কেটে দিলেও সেখানেই শেষ হয়নি প্রতারণা। পরে তাকে একটি ভিডিও পাঠানো হয়, যা তিনি পরে মুছে ফেলেন। এরপর ২৭ সেপ্টেম্বর অন্য একটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনদাতা নিজেকে দিল্লি সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা ‘সঞ্জয় অরোরা’ বলে পরিচয় দেন।

ওই ব্যক্তি দাবি করেন, যুবকের নামে থাকা নগ্ন ভিডিওকে কেন্দ্র করে মামলা হতে পারে এবং এ ধরনের অপরাধে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি আহমেদাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বলেও ভয় দেখানো হয়।

গ্রেপ্তার এড়াতে কথিত ওই পুলিশ কর্মকর্তা যুবককে একজন ইউটিউব কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ‘আইনি প্রক্রিয়া’ সম্পন্ন করার পরামর্শ দেন।

এরপর আরেক প্রতারক নিজেকে ইউটিউবের কর্মকর্তা পরিচয় দিয়ে যুবকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, যুবকের নামে দুটি নগ্ন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেগুলো সরাতে প্রথমে ৭১ হাজার ২৫০ রুপি দিতে হবে।

গ্রেপ্তার এবং ভিডিও ছড়িয়ে পড়ার আতঙ্কে যুবক টাকা দিতে রাজি হন। এরপর শুরু হয় অর্থ আদায়ের নতুন পর্ব। কখনো ভিডিও মুছে ফেলার কথা বলে, কখনো মামলা বন্ধ করা কিংবা গ্রেপ্তার ঠেকানোর আশ্বাস দিয়ে তার কাছে টাকা দাবি করতে থাকে প্রতারকরা।

একপর্যায়ে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া এবং ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয়। পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখানোয় আতঙ্কিত যুবক একের পর এক অর্থ পরিশোধ করতে থাকেন।

পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে প্রতারকদের দেওয়া ব্যাংক হিসাবে মোট ৪৯ লাখ ৭৮ হাজার রুপি পাঠান ওই যুবক। তবে এত বিপুল অর্থ দেওয়ার পরও প্রতারকরা থামেনি; বরং আরও টাকা দাবি করতে থাকে।

একপর্যায়ে যুবকের সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন, একটি পরিকল্পিত সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে তিনি আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। প্রতারকদের দেওয়া ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রে কতজন জড়িত এবং অর্থের লেনদেন কোথায় হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।