বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বাংলা ও ইংরেজি—দুই ভাষায় সংবাদ উপস্থাপনার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।
টেলিভিশনের পর্দায় সাবলীল বাচনভঙ্গি, স্পষ্ট উচ্চারণ ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি সুযোগ। বিটিভির সংবাদ উপস্থাপনা শুধু পেশাগত পরিচয়ের সুযোগই নয়, বরং দেশের দর্শকদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বও বহন করে।
আবেদনের নিয়ম
অডিশন ও বাছাইপ্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ছবিযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা, ভাষা ও উচ্চারণে দক্ষতা, উপস্থাপনার অভিজ্ঞতা এবং যোগাযোগের ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময় ৭ অক্টোবর ২০২৬। ফলে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রস্তুত করে পাঠাতে হবে।
যেভাবে আবেদন পাঠাবেন
আবেদনকারীরা সরাসরি বা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের ঠিকানা:
উপমহাপরিচালক (বার্তা)
বাংলাদেশ টেলিভিশন
সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯।
এ ছাড়া ডিজিটাল মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন।
ই-মেইল: newsaudition@btv.gov.bd
হোয়াটসঅ্যাপ: ০১৩৩২১২৫১৩৮
যাদের জন্য এই সুযোগ
যারা বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, স্পষ্ট উচ্চারণে দক্ষ এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদ উপস্থাপন করতে সক্ষম—তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন।
সমসাময়িক বিষয় সহজ ও সাবলীলভাবে উপস্থাপনের দক্ষতা, পরিমিত বাচনভঙ্গি এবং সংবাদ পাঠের নিজস্ব শৈলীও বাছাইপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হতে পারে।
বিটিভির পর্দায় সংবাদ উপস্থাপনার মাধ্যমে গণমাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ ও অভিজ্ঞদের জন্য তাই সুযোগটি হতে পারে নতুন পথচলার একটি সম্ভাবনা। নির্ধারিত সময়ের মধ্যে ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদন পাঠানোর আহ্বান জানানো হয়েছে।



