আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে দলটি। এই সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি জানান, মহান মে দিবসকে ঘিরে শ্রমিক দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যানার-ফেস্টুনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এই দিনে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন সমাবেশের প্রধান অতিথি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের অন্যান্য নেতারা।



