tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিলো এনবিআর

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিলো এনবিআর

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিয়েছে এনবিআর। শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে ইলেকট্রিক বাস আমদানি করলে, কিংবা তাদের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের জন্য বাস আনলেও এই কর সুবিধা প্রযোজ্য হবে। তবে এসব বাস অবশ্যই শিক্ষার্থী পরিবহনের উপযোগী করে নির্ধারিত নিয়মে প্রস্তুত করতে হবে—বাসের রং হতে হবে হলুদ এবং এতে ‘স্কুল’, ‘কলেজ’, ‘স্টুডেন্ট বাস’ বা ‘ট্রান্সপোর্ট’ শব্দ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান শুল্ক-কর ছাড়াই ইলেকট্রিক বাস আমদানির জন্য আবেদন করলে এনবিআর তা ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করবে। এনবিআরের এসআরও নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস (তারিখ: ২৭ এপ্রিল ২০২৬) অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সমজাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি (CD), রেগুলেটরি ডিউটি (RD), মূল্য সংযোজন কর (VAT), সম্পূরক শুল্ক (SD), আগাম কর (AT) এবং অগ্রিম আয়কর (AIT)–সহ সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করতে পারবে। এতে একসঙ্গে অধিকসংখ্যক শিক্ষার্থীর নিরাপদ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি দেশের যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং অভিভাবকদের পরিবহন ব্যয় হ্রাসেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সাধারণ যাত্রী পরিবহনে ব্যবহৃত বাস আমদানির ক্ষেত্রেও শুল্ক-কর হ্রাসের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে এ ধরনের সুবিধা চালু হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে গিয়ে যাত্রীরা আধুনিক ও আরামদায়ক ইলেকট্রিক বাস ব্যবহারে উৎসাহিত হবে, যা জ্বালানি সাশ্রয় এবং সার্বিক যাতায়াত ব্যয় কমাতে সহায়ক হবে।