বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। একাই ভালো আছেন জানিয়ে অভিনেত্রী বলেছেন, নিজের বর্তমান জীবন নিয়েই তিনি সন্তুষ্ট।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আমিশা। এর আগে তার নাম একাধিক ব্যক্তির সঙ্গে জড়ালেও চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্কই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল।
এক ভক্ত জানতে চান, কবে বিয়ে করবেন তিনি? জবাবে আমিশা লেখেন, “কখনো না। একা থাকতে দারুণ লাগছে।”
তিনি আরও বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে তার জীবনে অনেক মানুষ রয়েছেন, যাদের ভালোবাসা ও সমর্থন তিনি পান। তাই নতুন কেউ এসে জীবনের সমীকরণ বদলে দিক—এটি তিনি আপাতত চান না।
তবে অতীতে প্রেমের সম্পর্ক নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের কারণে তাকে একটি সম্পর্ক থেকে সরে আসতে হয়েছিল।
এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সামাজিক অবস্থান, পারিবারিক পরিবেশ ও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সেই সম্পর্ক ছিল তার কাছে আদর্শ। তবে সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তার সঙ্গী চাননি, তিনি জনসমক্ষে পরিচিত মুখ হয়ে উঠুন।
শেষ পর্যন্ত প্রেমের চেয়ে অভিনয়কেই বেছে নেন আমিশা। তার মতে, সত্যিকারের ভালোবাসা কখনো সঙ্গীর পেশাগত সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় না।
অভিনেত্রী বলেন, জীবনে প্রেমের জন্য যেমন অনেক কিছু হারাতে হয়েছে, তেমনি ক্যারিয়ারের জন্যও ত্যাগ স্বীকার করতে হয়েছে। এসব অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে।
তবে বিয়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, উপযুক্ত মানুষ পেলে বিয়ের বিষয়ে আপত্তি নেই।
আমিশার ভাষ্য, এখনো বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবার থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসে। এমনকি তার চেয়ে কম বয়সী অনেকেই তার সঙ্গে ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে বয়সের চেয়ে মানসিক পরিপক্বতাকেই বেশি গুরুত্ব দেন তিনি।



