দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
এবারও স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। বাঁ পায়ের উরুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন এই তারকা ফরোয়ার্ড। জাতীয় দলে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। একই কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার মার্কিনিয়োস এবং উইঙ্গার রাফিনিয়াও।
তবে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচে না থাকা রদ্রিগো এই প্রথমবার আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে ডাক পেলেন। আগের স্কোয়াডে থাকা আন্দ্রে সান্তোস ও আলেসান্দ্রো রিবেইরোকে এবার রাখা হয়নি।
সিবিএফ আগেই জানায়, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে দুটি জয়, একটি ড্র এবং একটি হেরেছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে আছে ব্রাজিল।
ব্রাজিলের প্রীতি ম্যাচ স্কোয়াড:গোলরক্ষক:
বেন্তো, এডারসন, হুগো সোসা
ডিফেন্ডার:
কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার:
আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড:
এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র



