রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহত ব্যক্তিকে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট’ (Family Entertainment)-এর কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান ভেবে বিভিন্ন পোস্ট করেন। তবে বিষয়টি সত্য নয় বলে নিজেই জানিয়েছেন তিনি।
রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রাকিব হাসান।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। বিষয়টি জানার পর অনেকেই আমাকে ফোন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সবার ফোনের জবাব দিতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’



