ঘটনাটি ঘটে ৭৮তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলে ফাইন লেগ দিয়ে ঠেলে দেন আমির জাঙ্গু। স্লিপে দাঁড়ানো সাদমান বলের পেছনে ছুটে যান। বল তুলতে গিয়ে তিনি পিছলে পড়েন। পড়ার সময় গোড়ালি মুচড়ে যায়।
পড়ে যাওয়ার পর বাউন্ডারির কাছে কয়েক মিনিট ব্যথায় কাতরাতে থাকেন সাদমান। রিপ্লেতে দেখা গেছে, আউটফিল্ডে শিশির ছিল। তাতেই প্রথমে তিনি পিছলে যান। স্ট্রেচার মাঠের দূর প্রান্তে আনা হয়। বাংলাদেশের সব খেলোয়াড় ছুটে আসেন তার কাছে। সবার মুখেই ছিল দুশ্চিন্তার ছাপ।
সাদমানকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ধরা পড়েছে, বাম পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে তার।
প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন সাদমান। এই ম্যাচে তিনি আর খেলতে পারবেন কি না, এখনো পরিষ্কার নয়। দ্বিতীয় টেস্টের ৪ সেশন গেল মাত্র, বাংলাদেশ ব্যাট করার অপেক্ষায় আছে। সাদমান ছিটকে গেলে বাংলাদেশকে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হবে।



