tanaka
প্রচ্ছদরাজনীতিনির্বাচন নিয়ে অশুভ চিন্তা আছে কি না, প্রশ্ন রিজভীর

নির্বাচন নিয়ে অশুভ চিন্তা আছে কি না, প্রশ্ন রিজভীর

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, দেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে কোনোভাবেই পরিচিত নয়। হঠাৎ করেই এটিকে সামনে আনা হচ্ছে কেন? তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা রয়েছে?

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ মিলাদ মাহফিল ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার সুস্থতা কামনায়।

রিজভী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেসব কাজ অমীমাংসিত রয়েছে, তা মীমাংসা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। অথচ হঠাৎ করে পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবি তোলা হয়েছে। নতুন কোনো পদ্ধতি চাপিয়ে দিলে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শেখ হাসিনা ইতোমধ্যেই সমাজের প্রতিটি ক্ষেত্রে তালগোল পাকিয়েছেন। আমাদের ফিরতে হবে জবাবদিহিমূলক শাসনে।”

তিনি আরও বলেন, “বর্তমান রাষ্ট্র চরিত্র শেখ হাসিনার আমলের মতো নয়। অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা থাকলেও গুম, খুন, গুপ্ত হত্যার বিভৎস দু:শাসন এখন নেই। দেশের মানুষ নিশ্চিন্ত যে, ড. মুহাম্মদ ইউনূসের সময়ে সেই পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না।”

এসময় তিনি খালেদা জিয়াসহ মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম, শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া। এসময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।