বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনাবলী ‘জনসমক্ষে আনা ও গণশুনানি আয়োজন’ করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মায়ের ডাক’ এর উদ্যোগে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও চিত্র প্রদর্শনী শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে জনসমক্ষে আনতে এবং গণশুনানি করতে। তারা ব্যর্থ হয়েছে ভুক্তভোগী পরিবারের—মা, ভাই-বোন, স্বজনদের কান্না থামাতে। এজন্য অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা—শিশুরা যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে—তাদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সরকার বের করবে। সে যত শক্তিশালীই হোক না কেন, এই গুম একটি ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ, যার শাস্তি মৃত্যুদণ্ড।”
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, “এটা এখন প্রমাণিত—হাসিনা এই হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এ দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”



