tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৩০টি অতি সংবেদনশীল নিত্যপণ্যের উৎপাদন, সরবরাহ, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং আমদানির প্রয়োজনীয়তা এআই প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার সম্ভাব্য সমস্যার আগাম পূর্বাভাস পাওয়া যাবে। ফলে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে। তিনি বলেন, দেশে অধিকাংশ পণ্যের মূল্য বাজারব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হলেও সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো প্রণয়নের কাজ করছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, বাজারের বর্তমান দাম পর্যবেক্ষণের পাশাপাশি উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তন বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি এআই মডেল তৈরি করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এই দুই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলা পরিষদে বহুতল ভবনের মাধ্যমে এক ছাতার নিচে সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

চা-বাগান এলাকার উন্নয়নের বিষয়ে তিনি জানান, সেখানে বিদ্যমান পাঠদান কেন্দ্রগুলো পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ে এবং প্রয়োজন অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্স সেবাও চালুর উদ্যোগ নেওয়া হবে।

এলপিজির মূল্য নিয়ে মন্ত্রী বলেন, নতুন সরকারি মূল্য নির্ধারণের পরও কোথাও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরলে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম কমাতে বাধ্য হবেন।

সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক সবজি রপ্তানিকারক সিলেটের হলেও প্যাকেজিং ও প্রয়োজনীয় সার্টিফিকেশনের অভাবে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। এর আওতায় কৃষকদের আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, সবজি সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে।

সিলেটের কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুকনো মৌসুমে সেচ সংকট ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে একাধিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রপ্তানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই রপ্তানি কমেছে। চলমান বৈশ্বিক অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়েছে। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, যেসব পথে দেশে মাদক প্রবেশ করে, সেসব পথ বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া জনগণের প্রত্যাশা পূরণে অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী জানান, উপাচার্যের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা চালুর লক্ষ্যে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।

শিল্পায়নের প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের দুটি বিসিক শিল্প এলাকাকে সম্প্রসারণ করে ২০০ একরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এ অঞ্চলের শিল্পায়ন আরও গতিশীল হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

এর আগে অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে বিকেল সাড়ে ৪টায় খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি অ্যানালাইজার কার্যক্রম এবং জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।