ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ফোনালাপে শিগগিরই যুক্তরাষ্ট্রে সামনাসামনি বৈঠক করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন দুই নেতা।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একপর্যায়ে তারা যুক্তরাষ্ট্রে শিগগিরই বৈঠকে বসার বিষয়ে সম্মতি দেন।
তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে বা যুক্তরাষ্ট্রের কোন স্থানে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতেও এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।



