পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে সম্প্রতি সংগীতশিল্পী আসিম আজহারের নিউইয়র্ক কনসার্টে দেখা যাওয়ায় আবারও তাদের সম্পর্ক নিয়ে পুরোনো গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজেকে আড়াল করতে মুখে কাপড় ও মাথায় টুপি পরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন হানিয়া। এ সময় তিনি নিজের অভিনীত নাটকের জনপ্রিয় গান ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ গুনগুন করছিলেন।
তবে লুকিয়ে থাকার চেষ্টা খুব একটা কাজে আসেনি। উপস্থিত ভক্তরা দ্রুতই তাকে চিনে ফেলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
২০১৮ সাল থেকেই হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৫ সালের জুনে আসিম তার সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর সেই আলোচনা আবারও জোর পায়। নিউইয়র্ক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেক ভক্ত এই জুটিকে বিয়ের আহ্বানও জানিয়েছেন।
এদিকে গুঞ্জনে আরও ঘি ঢেলে হানিয়া পরে ইনস্টাগ্রামে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে ‘Outta My Mind’ গান গাইতে শোনা যায়—গানটি কানাডীয় শিল্পী মনসুনের।
বর্তমানে আসিম আজহার উত্তর আমেরিকাজুড়ে রেকর্ডগড়া কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত, যার বেশিরভাগ শো-ই প্রায় হাউসফুল।



