চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যস্ততার দিক থেকেও তিনি রয়েছেন বেশ এগিয়ে—একটির পর একটি সিনেমার কাজ নিয়ে সময় পার করছেন। এর মধ্যেই তার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যদিও এ বিষয়ে সরাসরি কিছুই জানাননি তিনি। বুবলীর ভাষ্য, না জেনেই অনেকেই গুঞ্জন ছড়াতে পছন্দ করেন।
এমন আলোচনার মাঝেই গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। রায়হান রাফী পরিচালিত এই ছবির প্রচারণায় তাকে খুব একটা দেখা না গেলেও অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। শুধু সিনেমা নয়, ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তেও গান গেয়ে নতুনভাবে আলোচনায় আসেন বুবলী।
প্রথমবারের মতো নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন এবং পারফর্ম করেছেন জনপ্রিয় গায়ক ইমরানের সঙ্গে। প্রথম গানেই ইতিবাচক সাড়া পেয়েছেন বুবলী।
এদিকে, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা। এর মধ্যে ‘পিনিক’-এর কাজ আগেই শেষ করেছেন, যেখানে তার সহ-শিল্পী আদর আজাদ। পাশাপাশি সজলের সঙ্গে ‘শাপলা শালুক’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি, যা চলতি বছরই মুক্তি পাওয়ার কথা।
বুবলী জানান, দুটি সিনেমার গল্পই তার কাছে দারুণ লেগেছে এবং কাজ করতে গিয়ে তিনি উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত। তার বিশ্বাস, তিনি যেমন ছবিগুলোর জন্য অপেক্ষা করছেন, তেমনি দর্শকরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। জানা গেছে, ‘পিনিক’ ছবিটি আগামী ঈদে মুক্তি পেতে পারে।



