tanaka
প্রচ্ছদরাজনীতিনারীদেরকে উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুবাইদা রহমান

নারীদেরকে উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুবাইদা রহমান

সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ইফতার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, ডা. জুবাইদা রহমান, রাজধানীর গুলশানস্থ জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে। শুক্রবার আয়োজিত এই ইফতার মাহফিলে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী ও শিশু অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, “নারীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সরকার বিশ্বাস করে, কন্যা শিশুর নিরাপত্তা এবং মানবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একাডেমিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে কন্যা শিশু দেশের যেকোনো স্থানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। আমরা নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখার জন্য সংকল্পবদ্ধ।”

শিশু শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায় থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে, যা দেশের ভেতরে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।

পোশাক খাতের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রত্যেক শিল্প কারখানায় মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি, ডে-কেয়ার সেন্টার, নিরাপদ আবাসন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা অপরিহার্য। যখন একজন কন্যা শিশু বা মা নিরাপদে কর্মস্থলে যেতে পারবে, তখনই নারীর ক্ষমতায়ন বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।