নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত বছরের ৫ আগস্ট সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে তারা গ্রামে ফিরতে চাইলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
স্থানীয়রা জানায়, সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা এলোপাতাড়ি গুলি চালালে ইদন মিয়া নিহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক নাসিম মিয়া বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”



