ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
রয়টার্সকে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ আটকা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
বুধবার ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। সর্বশেষ এই সংযোজনের মধ্য দিয়েই মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার পেরিয়েছে।
মঙ্গলবার গাজা সিটিতে স্থল আক্রমণের মূল ধাপ শুরু করার পর বুধবার ইসরায়েল আরও জোরালো হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক আক্রমণের মাধ্যমে বেসামরিকদের শহর ছাড়া করে হামাস যোদ্ধাদের মুখোমুখি করতে চাইছে ইসরায়েল।
ইসরায়েলি সেনারা জানিয়েছে, শহর ছাড়তে থাকা বাসিন্দাদের জন্য তারা ৪৮ ঘণ্টার জন্য আরেকটি রুট খুলেছে। তবে গাজা সিটি ছাড়তে গিয়ে বুধবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ আলা আল-সাওয়ালহিও রয়েছেন।



