ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এটি ছিল ইরানের ২৫তম দফার হামলা। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এ অভিযানে হাইপারসোনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি প্রায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার (প্রায় ৩ হাজার ৮৩৬ মাইল) পর্যন্ত হতে পারে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।
এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।



