খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক হিসেবে মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এগিয়ে যাবেন— এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, দেশে একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সংসদে যোগ দেওয়া নতুন সদস্যরা যেন কোনো ধরনের মানসিক চাপ অনুভব না করেন, সে বিষয়টি মাথায় রেখেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সংসদীয় বিধি অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের নেতিবাচক ও অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। সেই লক্ষ্যেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।



