ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তৃতীয় শনিবারও তিনি কার্যালয়ে অফিস করেন।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং এর বাজার সম্প্রসারণ নিয়ে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।
এরপর দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকটি বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও কার্যালয়ে দাপ্তরিক কাজে অংশ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। কার্যালয়ের দাপ্তরিক কাজ শেষ করে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।



