ইরানের তেল ও পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪টি জাহাজ, ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন ট্রেজারি বিভাগ।
ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলো ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে জড়িত ছিল। এসব কার্যক্রমের সময় তারা গোপন ও বিভ্রান্তিকর শিপিং কৌশল ব্যবহার করেছে, যা বৈধ বাণিজ্য ও অন্যান্য জাহাজের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে।
নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি, অনুমোদন ছাড়া কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। ওমানের মাসকাটে অনুষ্ঠিত ওই আলোচনা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান, যদিও ভবিষ্যতে পুনরায় আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানালেও ইরান এসব শর্ত বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে।



