tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনদীর্ঘ অপেক্ষার পর সাফল্য, জনপ্রিয়তা ধরে রাখার মন্ত্র জানালেন কৌশানি

দীর্ঘ অপেক্ষার পর সাফল্য, জনপ্রিয়তা ধরে রাখার মন্ত্র জানালেন কৌশানি

টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয় ২০২৪ সালের সিনেমা ‘বহুরূপী’। এতে ঝিমলি চরিত্রে অভিনয় করে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেন তিনি। দীর্ঘদিন একই ধরনের চরিত্রে দেখা যাওয়া কৌশানির এমন অভিনয় অনেককেই চমকে দেয়। এরপর ‘রক্তবীজ ২’ এবং চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তেও অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এর আগে ‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’ ও ‘পারবো না আমি ছাড়তে তোকে’র মতো সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে প্রত্যাশিত সাফল্য পাননি কৌশানি। তবে দেরিতে হলেও নিজের অভিনয়দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সাফল্য ধরে রাখার পেছনের রহস্যও সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশানি বলেন, জীবনে তিনি একটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেন, আর তা হলো ধৈর্য। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও নিজের সামর্থ্য দেখানোর মতো চরিত্র পাওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে।

কৌশানির ভাষ্য, কখনো হাল ছেড়ে দেননি তিনি। অনেক বছর পর পছন্দের এবং স্বপ্নের পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের অভিনয় দিয়ে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন।

জনপ্রিয়তা ধরে রাখার উপায় সম্পর্কে অভিনেত্রী বলেন, তাঁর মতে, এর সবচেয়ে কার্যকর মন্ত্র ধৈর্য। দীর্ঘ অপেক্ষার পর নিজের পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। সেই অপেক্ষাকেই জীবনের সংগ্রাম হিসেবে দেখেন কৌশানি।

তিনি আরও জানান, হয়তো তাঁকে প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু কাঙ্ক্ষিত সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করাটাই ছিল তাঁর বড় লড়াই।

এদিকে ব্যক্তিগত জীবনেও অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৌশানি। বনি ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হলেও বিয়ের প্রসঙ্গ উঠলে বিষয়টি এড়িয়ে যান অভিনেত্রী। আপাতত নিজের কাজ ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। বাবার পক্ষ থেকে বিয়ের জন্য চাপ থাকলেও এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন কৌশানি।