দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৩ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯ জনে।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৩৬ জন।
চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে প্রাণহানি বাড়তে থাকে। জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জন মারা যান। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়; ওই মাসে ডেঙ্গুতে প্রাণ হারান ১৪৮ জন।
এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর রোগটিতে মারা যান ৪১৩ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর প্রাণহানি ঘটে ৫৭৫ জনের।
এদিকে, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও বেশি। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং এ রোগে মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।



