আগামী ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
মহাসমাবেশে অংশ নিতে গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত পোশাক পরে ৭ নভেম্বর ২০২৬ সকাল ৮টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। দেশের সব জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের পাঠানো চিঠিতে ভেন্যু পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বরের গ্রাম পুলিশ মহাসমাবেশ শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে ‘জাতীয় প্যারেড গ্রাউন্ড’, তেজগাঁও, ঢাকা-১২১৫-তে অনুষ্ঠিত হবে।



