অর্থ ও পেশিশক্তি নির্ভর পুরনো রাজনৈতিক সংস্কৃতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ অংশ নিয়ে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের জন্য হয়নি; বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে দেওয়ার আন্দোলন ছিল।”
‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি : বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় অংশ নেন তাসনিম জারা। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান। আলোচনায় আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
আলোচনার শুরুতে ড. ডেভিড জ্যাকম্যান বলেন, “বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশিশক্তি প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে টাকার ব্যবহার বেড়ে যাওয়ায় চাঁদাবাজি ও ক্ষমতা প্রদর্শনের সংস্কৃতি রাজনীতির অংশে পরিণত হয়েছে।”
এর জবাবে তাসনিম জারা বলেন, “বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশিশক্তির রাজনীতি আর সহ্য করতে চায় না, তা গণ-অভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণিত হয়েছে।”
দুই দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।



