রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশু হামের উপসর্গ নিয়ে এবং একজন শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৫ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে আরও ১ হাজার ৮৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে রোগীর সংখ্যা ৩৬৬ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশালে ১৫৭ জন এবং রাজশাহীতে ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৭২ দিনে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৮ হাজার ৮০০ জন।



