রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান উরুতে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ নাকি ছুরিকাঘাতে আহত—তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



