অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, আজ বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করেই এসব ঘটনা ঘটছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে—হেলমেট ও মাস্ক পরা কিছু ব্যক্তি ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে নির্দিষ্ট স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যাচ্ছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রে এসব ঘটনায় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। কিছু মোটরসাইকেল থেকেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।”



