মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রব্বি মন্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ফারজানা বেগমের (২৭) বিরুদ্ধে। ঘটনার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতৈল গ্রামে বাবার বাড়ি থেকে ফারজানাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রব্বি মন্ডল পেশায় বালু ব্যবসায়ী ছিলেন। তিনি আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মন্ডলের ছেলে।
পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ফারজানা জানিয়েছেন, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিনের ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে আমলসার গ্রামের ফায়জার রহমানের মেয়ে ফারজানার সঙ্গে রব্বি মন্ডলের বিয়ে হয়। তাদের একটি পাঁচ বছর বয়সি কন্যাসন্তান রয়েছে। প্রায় দুই বছর আগে বাড়ির কাছেই পশ্চিম রাজাপুর গ্রামে আলাদা বাড়ি করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন রব্বি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফারজানা বর্তমানে অন্তঃসত্ত্বা এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত। রব্বির মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় তিনি বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন বলে স্থানীয়রা জানান। অসুস্থ স্ত্রী ও সন্তানের প্রতি পর্যাপ্ত যত্ন না নেওয়ায় স্বামীর ওপর ফারজানার ক্ষোভ তৈরি হয়েছিল বলেও জানান তারা।



