tanaka
প্রচ্ছদসারাদেশমিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মুখোশধারী ব্যক্তিরা সেখানে হামলা চালানোর পর পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনায় প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ তার দাবি, রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর চালান। পরে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনার সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনার পেছনে কারা রয়েছে, তা স্পষ্ট বলে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নষ্ট করা হয়েছে। তার ভাষ্য, একদিকে সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে।

তিনি প্রশ্ন করেন, এভাবে আর কতদিন চলবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াত আমির। তা না হলে ভবিষ্যতে জনগণের হাতেই তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।