রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সেখানে জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে।
তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী ধরনের তথ্য ছিল এবং সেখানে তারা কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে। পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য রয়েছে, সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।
এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কী কারণে সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
ডিসি হারুন বলেন, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার স্বার্থে আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
যাদের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে আইনানুগভাবে পরবর্তী যে প্রক্রিয়া প্রযোজ্য, তা অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ ওই ব্যক্তিদের মধ্যে রয়েছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
ডিসি হারুন জানান, ঘটনাস্থলটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্ত ও যাচাই-বাছাইয়ের সুবিধার্থে তাদের পল্টন থানায় নেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের আশপাশের অন্য কোনো থানায়ও রাখা হতে পারে।



