লিওনেল মেসির ছেলে থিয়াগোর বয়স এখন ১৩ বছর। ঠিক এই বয়সেই ২০০০ সালে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। বাবার পথ অনুসরণ করে থিয়াগোও ফুটবলে এগোচ্ছেন। এ কারণেই তার বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে সম্প্রতি।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি নিজেই। শোনা যাচ্ছিল, ইন্টার মিয়ামির যুব একাডেমি ছেড়ে থিয়াগো বার্সেলোনার লা মাসিয়ায় যোগ দিতে পারেন। কিন্তু এ খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন মেসি।
আতলেতিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপের ম্যাচের আগে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টাইন তারকা। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে ৪-২ গোলের জয় এনে দেন তিনি।
মাঠে প্রবেশের সময় সাংবাদিক ব্রুনো ভাইনের প্রশ্ন ছিল, ‘থিয়াগো কি মিয়ামি ছেড়ে চলে যাচ্ছে?’ রদ্রিগো দে পলের সঙ্গে হাঁটতে হাঁটতে মেসি শুধু এক শব্দে উত্তর দেন—‘না’।
এর ফলে আপাতত ইন্টার মিয়ামির একাডেমিতেই থাকছেন থিয়াগো। ২০২৩ সাল থেকে তিনি ক্লাবটির যুব দলে খেলছেন। মিডফিল্ডার হিসেবে নিজেকে গড়ে তুলছেন তিনি।
এর আগে বাবার পথ অনুসরণ করে থিয়াগো বার্সা এসকোলা ও পিএসজির যুব একাডেমিতেও ছিলেন। তার খেলার ধরন সম্পর্কে মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, থিয়াগো বেশি চিন্তাশীল, সংগঠক ধরনের খেলোয়াড় এবং মিডফিল্ডার হিসেবে তার বৈশিষ্ট্য বেশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে থিয়াগোর ফুটবল দক্ষতার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই তাকে ঘিরে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শুরু হয়। তবে মেসির এক কথার জবাবেই আপাতত সেই আলোচনা থেমে গেল।



