নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর থানায় গিয়ে উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন দলটির জেলা আহ্বায়ক যুবাইর সরদার। ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে তিনি কোনো কর্মীর গায়ে ফের হাত তোলা হলে ‘লাশের বদলে লাশ’ এবং থানার ‘ইট-পাথর খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যকে আংশিক উল্লেখ করে তিনি দাবি করেন, নেতাকর্মীদের শান্ত করতেই তিনি ওই কথা বলেছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দলটির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত চারজন আহত হন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় গিয়ে অবস্থান নেন। পরে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একটি মিছিল থানায় প্রবেশ করে। একপর্যায়ে সংসদ সদস্যসহ কয়েকজন নেতা ওসির কক্ষে যান।
সেই সময় ওসির কক্ষের সামনে যুবাইর সরদারকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, তিনি নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক পরিচয় দিয়ে বলেন, দলের কোনো কর্মীর গায়ে ফের হাত তোলা হলে ‘লাশের বদলে লাশ’ নেওয়া হবে। কোনো নেতাকর্মীর শরীর থেকে আবার রক্ত ঝরলে থানার ‘ইট-পাথর পর্যন্ত খুলে নেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বক্তব্যের ১৭ সেকেন্ডের একটি ভিডিও পরে এনসিপির নেতাকর্মীরা ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে যুবাইর সরদারকে থানার ভেতরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
তবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, তিনি এ ধরনের বক্তব্য শুনেছেন বলে জানেন না। ঘটনার সময় তিনি থানার ভেতরে ছিলেন। তাঁর ভাষ্য, কেউ এমন বক্তব্য দিয়ে থাকলে সেটি দায়িত্বশীল আচরণ নয় এবং থানার ভেতরে দায়িত্বশীল পদে থাকা কারও এভাবে কথা বলা উচিত নয়।
ওসি আরও বলেন, এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথভাবে বিবেচনা করবে।
এদিকে বক্তাবলী বাজারে হামলার ঘটনায় আহতদের মধ্যে তাওহীদুল ইসলামকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এনসিপির অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ব্যক্তি তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান। তবে অভিযোগের বিষয়ে হালিম আজাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দলটির নেতাদের দাবি, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই হামলার সূত্রপাত হয়।
এ ঘটনায় রাতেই এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। হালিম আজাদসহ ১৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন ওসি মাহবুব আলম।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই তারা থানায় গিয়েছিলেন। তাঁর দাবি, এর আগেও কয়েকবার এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নিতে দেরি হওয়ায় নেতাকর্মীদের নিয়ে থানায় যেতে হয়েছে।
এ বিষয়ে যুবাইর সরদার বলেন, সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে তিনিও ওসির কক্ষে প্রবেশ করেছিলেন। বাইরে নেতাকর্মীদের ভিড় ও উত্তেজনা বাড়তে থাকলে ওসি তাকে তাদের শান্ত করার জন্য বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্য প্রসঙ্গে যুবাইর সরদারের দাবি, বক্তব্যের একটি অংশই প্রচার করা হয়েছে। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের শান্ত করতে গিয়ে তিনি স্পষ্ট করেছিলেন যে তারা আইন নিজেদের হাতে তুলে নিতে পারেন না এবং আইনের আশ্রয় নিতেই থানায় এসেছেন।
তাঁর ভাষ্য, পুলিশ কার্যকর ব্যবস্থা না নিলে তারা ‘অ্যাকশনে’ যাবেন—এই প্রেক্ষাপটেই থানার ইট খুলে নেওয়া ও ‘লাশের বদলে লাশ’ নেওয়ার কথা বলা হয়েছিল। তবে তিনি জানান, তারা পুরো বিষয়টির আইনগত সমাধানই চান।



