ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বাসোহলি এলাকার মাশকা গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মাশকা গ্রামের সেবা পাওয়ার প্রকল্পে মোতায়েন সিআইএসএফ সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত চারজন হলেন—সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।
প্রাথমিকভাবে হামলাকারী হিসেবে সিআইএসএফের হেড কনস্টেবল অবদেশ কুমার সিংয়ের নাম জানা গেছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তিনি ইউনিটের কার্যালয়ে ঢুকে নিজের ইস্যু করা রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। ঘটনার সময় তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল বলে জানিয়েছে সিআইএসএফ।
গুলিতে আহত চার সদস্যকে চিকিৎসার জন্য ভারতের হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপদ করে। পরে অবদেশ কুমার সিংকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত বিরোধের পাশাপাশি এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি



