যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি।
ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য তিনি ইরান সফর করছেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওনা হন নাকভি। সফরে দুই দেশের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত জুলাইয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ইসলামাবাদ সফর করেন। সে সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভির সঙ্গে তাঁর বৈঠক হয়।
উল্লেখ্য, গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের অবসানে কাতারের সঙ্গে সমন্বয় করে একটি সমঝোতা স্মারক তৈরির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান।
বর্তমান সফরেও ওয়াশিংটন-তেহরান উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা



