tanaka
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হচ্ছেন কে?

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হচ্ছেন কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসনে বিজয়ী হন তারেক রহমান। তবে সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটি আসনের সংসদ সদস্য থাকতে পারেন। ফলে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে ছেড়ে দেন। এর পরিপ্রেক্ষিতে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন উঠেছে—এই আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন?

বগুড়া-৬ আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী পেয়েছেন প্রায় ৯৭ হাজার ৬২৬ ভোট। অতীতের নির্বাচনী পরিসংখ্যান বলছে, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিশেষ করে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় পান বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান বড় ব্যবধানে জয়লাভ করেন।

উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন। পাশাপাশি স্থানীয় নেতৃত্ব থেকেও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল), বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), সাবেক সভাপতি ও সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, উপনির্বাচনের জন্য এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করার পর দলের হাইকমান্ড যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করবে। তিনি আরও বলেন, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন দীর্ঘদিন ধরে জিয়া পরিবারের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে এ দুই আসন থেকেই খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে দলীয় চেয়ারম্যানও বড় ব্যবধানে জয় পেয়েছেন। উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ নাকি অন্য কোনো নেতা প্রার্থী হবেন—সে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের চেয়ারম্যান।