বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর দলটির চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বিএনপিকে নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। বার্তায় তিনি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় থাকবে। পাশাপাশি দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক উন্নয়নের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।



