tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনঢাবির ৫৪তম সমাবর্তনের বক্তা আতসুশি সুনামি, দেওয়া হবে দুই সম্মানসূচক ডিগ্রি

ঢাবির ৫৪তম সমাবর্তনের বক্তা আতসুশি সুনামি, দেওয়া হবে দুই সম্মানসূচক ডিগ্রি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে।

রোববার (১১ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সমাবর্তনের বিভিন্ন প্রস্তুতি ও সিদ্ধান্তের বিষয়ে এসব তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. আতসুশি সুনামি জাপানের অন্যতম প্রধান বেসরকারি অলাভজনক থিংক ট্যাংক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নেতৃত্ব দিচ্ছেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বরে নিপ্পন ফাউন্ডেশনের অনুদানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

এদিকে সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকেও সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৫৪তম সমাবর্তনকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রোববারের সভায় বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর সিন্ডিকেটের সভায় দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য। একই সঙ্গে গঠিত উপকমিটিগুলোকে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন তিনি।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।