tanaka
প্রচ্ছদসারাদেশদাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি, উদ্ধারে ১.৫ লাখ টাকা দাবি

দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি, উদ্ধারে ১.৫ লাখ টাকা দাবি

কুমিল্লার দাউদকান্দিতে একটি ফিলিং স্টেশনে পার্ক করে রাখা মিনি পিকআপ চুরির অভিযোগ উঠেছে। পরে গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে মালিকের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে একটি চক্র। এ ঘটনায় গাড়ির মালিক মো. রেজাউল করিম মিয়াজী দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উত্তর সেন্দি এলাকার তাসফিন ফিলিং স্টেশনে রাখা পিকআপটি চুরি হয়।

গাড়িটি সেখানে রেখে যাওয়ার পর চালকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন সংশ্লিষ্টরা। তবে সে সময় চালকের ফোন বন্ধ পাওয়া যায়।

গাড়ির মালিক রেজাউল করিম জানান, তার নিয়োগ করা চালক মো. আলতাফ হোসেন পিকআপটি গ্যারেজে না রেখে তাসফিন ফিলিং স্টেশনে পার্ক করে রাখেন। পরে গাড়িটির কোনো সন্ধান না পেয়ে চালকের কাছে বিষয়টি জানতে চাইলে তার দেওয়া বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে অভিযোগ করেন তিনি।

এরপর গাড়িটি চুরি যাওয়ার ঘটনায় নতুন করে চাঁদা দাবির অভিযোগ সামনে আসে। মালিকের দাবি, মোবাইল ফোনে যোগাযোগ করে একটি চক্র পিকআপটি ফেরত দেওয়ার বিনিময়ে বিকাশ নম্বর পাঠায় এবং সেখানে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে বলে।

ঘটনার পর পিকআপটি উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গাড়ির মালিক। এ বিষয়ে চালক আলতাফ হোসেন ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ মামলাটি তদন্ত করে চুরি যাওয়া পিকআপটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ করছে।