৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। এর ফলে যানবাহন চলাচল থেমে যায় এবং অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। দীর্ঘ যানজটে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও আটকে যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য আগের কোনো পরীক্ষার তুলনায় সময় খুব কম দেওয়া হয়েছে। বিশেষ করে প্রথমবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য দুই মাসের প্রস্তুতি সময় বৈষম্যমূলক বলে তারা মনে করছেন।
শিক্ষার্থীরা আরও জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। নির্ধারিত পরীক্ষার দিন ২৭ নভেম্বর পর্যন্ত তারা ধাপে ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন।
এক শিক্ষার্থী বলেন, “১,১০০ নম্বরের বিশাল সিলেবাস দুই মাসে শেষ করা সম্ভব নয়। সময় বাড়ানো না হলে পরীক্ষাটি অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবে।”



