হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি ড. রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী বিচারিক কমিটির চেয়ারম্যান ড. রেজা কিবরিয়াকে নোটিশ প্রদান করেছেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে জনসমাগমে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনার ছবি ও প্রামাণ্য দলিল সংযুক্ত করে জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ছবি ও দলিলাদিসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে আরেক ব্যক্তি ৪ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।
এমতাবস্থায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনীত অভিযোগসমূহ অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেন বিষয়টি নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে না— সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।



