বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়াউর রহমান প্রজ্বলন করেছিলেন, তা দীর্ঘদিন ধরে বহন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই এখন গণতন্ত্রের প্রকৃত ‘টর্চ বিয়ারার’ হচ্ছেন তারেক রহমান।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া-মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে একজন আপসহীন নেতা হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, যারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি। তিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে নিরলস সংগ্রাম চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের খুব অল্প সময়ই কেটেছে ক্ষমতায় থেকে। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে। স্বৈরাচারের সঙ্গে আপস না করে তিনি সারাজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই করে গেছেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি জাতির মধ্যে শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি আসন্ন নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।



